কিশোরগঞ্জে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জে তমা আদিত্য (২৩) নামের এক গৃহবধূর শরীরে গত বৃহস্পতিবার রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গত শুক্রবার বিকেলে তমা মারা যান। এ ঘটনায় তমার বাবা তপন কুমার আদিত্য গতকাল শনিবার একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় তমার স্বামী ঝুটন বিশ্বাস, শাশুড়ি কল্পনা বিশ্বাস ও ঝুটনের ভাবি সীতা বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।
তমার পরিবারের অভিযোগ, যৌতুকের কারণে শ্বশুরবাড়ির লোকজন তমাকে পুড়িয়ে হত্যা করেছেন।
পুলিশ ও তমার পরিবার সূত্রে জানা গেছে, তমার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাধুপাড়া গ্রামে। প্রায় তিন বছর আগে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর কর্মকারপাড়া গ্রামে হরিদাস চন্দ্র বিশ্বাসের ছেলে ঝুটন বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ঝুটন ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তমার ওপর নির্যাতন করছিলেন। এরই জের ধরে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে স্বামী-শাশুড়িসহ অন্যরা তাঁর শরীরে আগুন ধরিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তমাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে ও পরে ঢাকা নেওয়ার পথে শুক্রবার বিকেলে তিনি মারা যান।
কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, আগুনে তমার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল মালেক জানান, এ ঘটনায় তপন কুমার গতকাল পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।