কিশোরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড় আজলদী গ্রামে নাজমা নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁর বাড়ি বড় আজলদী গ্রামে।নাজমার পারিবারিক সূত্র জানায়, নাজমাকে পাশের বাড়ির বিবাহিত নয়ন মিয়া বিয়ের প্রস্তাব দিলে তাঁরা তা প্রত্যাখ্যান করেন। প্রায় দেড় বছর আগে চট্টগ্রামের লাল মিয়া নামের এক যুবকের সঙ্গে নাজমার বিয়ে হয়। এ ঘটনায় নয়ন ও তাঁর পরিবার ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেয়। কিছুদিন আগে নাজমা বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার রাতে নয়নসহ চার-পাঁচজন সন্ত্রাসী কৌশলে নাজমাকে বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে পালাক্রমে ধর্ষণের পর নাজমাকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। এ সময় তাঁর চিৎকারে বাড়ির লোকজন ছুটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নাজমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নাজমার মা মমতা বেগম পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ গতকাল রোববার নয়নের চাচা ফজলুর রহমান (৫৫), চাচাতো ভাই বাবলু (২০) ও নয়নের ছোট ভাই সুজনকে (২২) আটক করেছে।মমতা বেগম বলেন, মৃত্যুর আগে নাজমা বলে গেছে নয়ন, খোকন ও বাবুল ধর্ষণের পর তাকে এলোপাতাড়ি কুপিয়েছে।