কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ইতি আক্তার নামের এক গৃহবধূকে নির্যাতনের পর বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে জেলা হাসপাতালে ওই গৃহবধূ মারা যান।ইতির বড় ভাই জাহাঙ্গীর আলম গতকাল সোমবার প্রথম আলোকে জানান, প্রায় চার বছর আগে পাকুন্দিয়ার সৈয়দগাঁও এলাকার মামুন মিয়ার (৩০) সঙ্গে ইতির (২২) বিয়ে হয়। মামুন এর আগেও একটি বিয়ে করেছিলেন। কিন্তু ইতিকে বিয়ের সময় বিষয়টি গোপন রাখেন তিনি।প্রসঙ্গত, ইতির বাবার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ভাটিপাড়া এলাকায়।জাহাঙ্গীরের অভিযোগ, যৌতুকের দাবিতে প্রায়ই তাঁর বোনের ওপর নির্যাতন চালাতেন মামুন। গত ঈদের প্রায় এক সপ্তাহ পর মামুন বিদেশ যাওয়ার নাম করে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা না দেওয়ার জের ধরে রোববার দুপুরে ইতির ওপর নির্যাতন চালানো হয়। পরে মামুন ও তাঁর পরিবারের লোকজন ইতির মুখে জোর করে বিষ ঢেলে দেন। ইতির দুই বছরের এক ছেলে রয়েছে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন জানান, গতকাল বিকেলে জেলা হাসপাতাল মর্গে ইতির লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।