কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলে বিদ্যুতের পাওয়ার গ্রিড স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল সোমবার কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। এদিকে, এ গ্রেপ্তার শহরের পূর্ব তারাপাশা গ্রামের রাসেল, শামীম, কামাল ও আনিস নামে চার তরুণকে গতকাল বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে খেলা দেখতে না পারায় কয়েকজন যুবক যশোদল পাওয়ার গ্রিড স্টেশনে হামলা চালায় এবং ভাঙচুর করে। এ ঘটনায় কিশোরগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। পুলিশ রোববার সন্ধ্যায় আসামিদের গ্রেপ্তার করে। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, পাওয়ার গ্রিড স্টেশনে হামলার ঘটনাটি গুরুত্বসহকারে আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।