কিশোরগঞ্জে চলছে ৫০০ নিবন্ধনহীন ট্রলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ থেকে হাওরের বিভিন্ন রুটে চলাচলকারী পাঁচ শতাধিক যাত্রীবাহী ট্রলারের নিবন্ধন নেই। এসব ট্রলারে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন করা হচ্ছে। এর মধ্যে বেশির ভাগ ট্রলারে প্রশিক্ষিত চালক নেই। প্রশাসন ও বিআইডব্লিউটিএর কোনো নজরদারি না থাকায় এসব ট্রলার অবাধে চলাচল করছে। ফলে হাওরে প্রায়ই ট্রলার ডুবির ঘটনা ঘটছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে হাওরে শতাধিক ট্রলার ডুবির ঘটনায় পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে গত বছরের ১২ মে নিকলীর নাগচিনি নদীতে ট্রলার ডুবে ৫৩ জন যাত্রী নিহত হয়। একই বছরের ৩ ডিসেম্বর মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামের কাছে দাইরা নদীতে ট্রলার ডুবে ৫৩ জন নিহত হয়। সর্বশেষ ১২ মে বাজিতপুরের আইনারগোপ গ্রামের কাছে ট্রলারডুবিতে ১৭ জনের প্রাণহানি ঘটে।বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসন একাধিক দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে ট্রলারে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন, অদক্ষ চালক, ব্রেক ও বাতি না থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে। কিন্তু এরপরও হাওরে নৌ-দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।হাওরের প্রধান নৌবন্দর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট নৌবন্দরে গিয়ে দেখা গেছে, হাওরের বিভিন্ন রুটে চলাচলকারী ইঞ্জিনচালিত ট্রলারগুলোতে গাদাগাদি অবস্থা। যাত্রীবাহী ট্রলারগুলোতে গরু, ছাগল এবং মালামালও বহন করা হচ্ছে।স্থানীয় প্রশাসন, ট্রলার মালিক সমিতি ও যাত্রী সূত্রে জানা গেছে, চামড়াঘাট নৌবন্দর থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে হাওরের পাঁচটি জেলার ২২টি উপজেলার বিভিন্ন রুটে (লাইনে) স্থানীয় মালিক সমিতির আওতাধীন পাঁচ শতাধিক যাত্রীবাহী ট্রলার চলাচল করছে। এসব ট্রলারের নিবন্ধন নেই। ট্রলারগুলোতে নেই যাত্রীদের ন্যূনতম সুযোগ-সুবিধা। অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের কারণে প্রায়ই ট্রলারডুবির ঘটনা ঘটছে।ইটনা উপজেলা সদরের ব্যবসায়ী গোলাম মোস্তফা (৩৫) বলেন, ‘আমরারে গরু-বাছুরের লাহান এক্কানথে আরেক্কানো যাওন লাগে।’ যাত্রীরা জানান, ট্রলারগুলোতে প্রশিক্ষিত চালক নেই, নেই ব্যাক গিয়ার। ফলে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, হাওরাঞ্চলে ইঞ্জিনচালিত ট্রলারগুলো অনিয়ম-অব্যবস্থার মধ্যে চলছে। ইটনা ট্রলার মালিক সমিতির সভাপতি ওমর ফারুক জানান, ‘আমরা যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিই।’ ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসাইন জানান, আমরা লিখিত অভিযোগ পেলে সমিতির কর্মকর্তাদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিই। নিবন্ধনের মাধ্যমে ট্রলারগুলো সরকারের নিয়ন্ত্রণে রাখা জরুরি।’কিশোরগঞ্জের জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান বলেন, ‘সবেমাত্র এ জেলায় যোগদান করেছি। কয়েক দিনে দেখলাম, হাওরে সহজ যোগাযোগের মাধ্যম হলো ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলার। তাই যাত্রীদের সুযোগ-সুবিধা ও অন্যান্য বিষয়ে নজর রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেব।’