কিশোরগঞ্জে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪
প্রতারণা করে তরুণ-তরুণীদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্যাবস সোসাইটি রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে চাকরি দেওয়ার নামে ওই টাকা নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের আলাউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, বোরহান উদ্দিনের ছেলে তালহা মিয়া, মৃত সিরাজ উদ্দিনের ছেলে কামাল উদ্দিন ও হোসেন্দী গ্রামের সিরাজুল হকের ছেলে খায়রুল ইসলাম।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, তিন মাস ধরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিশুদের শিক্ষার জন্য কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ওই চার ব্যক্তি। পরে তাঁরা বিদ্যালয়ের শিক্ষকদের ‘বেতন প্রদানে’র জন্য প্রতিষ্ঠান উন্নয়ন তহবিল গঠন করেন এবং জামানত হিসেবে শিক্ষার্থী প্রতি ৩০০ টাকা করে নেন। এ ছাড়া তাঁরা বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে তরুণ-তরুণীদের কাছ থেকে সাত হাজার টাকা করে নেন। সব মিলিয়ে এ চক্র প্রায় ১০ লাখ টাকা জমা নেয়। টাকার বিপরীতে তারা কোনো রশিদ দেয়নি। ঘটনাটি হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদকে জানানো হয়।
বুধবার বিকেলে ইউএনও আবুল কালাম আজাদ তাঁর কার্যালয়ে ওই প্রতিষ্ঠানের একজনের মাধ্যমে অন্য তিনজনকে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে তাঁরা কেউ সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। এ পর্যায়ে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
ওই চারজনকে গ্রেপ্তারের খবরে বুধবার সন্ধ্যায় কয়েক শ চাকরিপ্রার্থী নারী-পুরুষ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু মিয়া প্রথম আলোকে জানান, এ ঘটনায় ধনকুড়া গ্রামের আবু বকর বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে ওই চারজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।