কিশোরগঞ্জে চার সাংবাদিককে সম্মাননা প্রদান
নারী ও শিশু নির্যাতন এবং উন্নয়নবিষয়ক প্রতিবেদনের জন্য কিশোরগঞ্জে চার সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার শহরের গাইটাল-শ্রীনগর এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্রের নিজস্ব ভবনে এই সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের নির্বাহী পরিচালক মাছুদা খাতুন।প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আ ম ম আবু সাঈদ। প্রথম আলোর কিশোরগঞ্জের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্লা প্রথম পুরস্কার লাভ করেন। তিনি প্রধান অতিথির কাছ থেকে সনদ ও নগদ ১০ হাজার টাকা গ্রহণ করেন। দ্বিতীয় পুরস্কার পান ইত্তেফাকের কিশোরগঞ্জ সংবাদদাতা সুবীর বসাক। তাঁকে প্রদান করা হয় সনদ ও নগদ পাঁচ হাজার টাকা। তৃতীয় স্থান অধিকার করেছেন যৌথভাবে মানবজমিনের আশরাফুল ইসলাম ও বাংলাদেশ প্রতিদিনের সাইফুদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুগ্ম জেলা জজ শামসুদ্দীন খালেদ, সাংবাদিক শাহ আজিজুল হক, মু. আ লতিফ, নারীনেত্রী মায়া ভৌমিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার প্রমুখ। নারী উদ্যোগ কেন্দ্র এবার থেকেই এ ধরনের সম্মাননা দেওয়া শুরু করেছে।