সুনামগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ডলি আক্তার (২৮) নামের এক গৃহবধূ গত বুধবার মারা গেছেন। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গত বৃহস্পতিবার সাইকুল ইসলাম (২২) নামের এক মোটরসাইকেলের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার পুলিশ জানায়, পৌর শহরের বলাকা আবাসিক এলাকায় ৬ অক্টোবর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তদের রামদার আঘাতে ডলি ও তাঁর স্বামী এমদাদুল হক গুরুতর আহত হন। পরে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বুধবার ডলি মারা যান। এ ঘটনায় ৭ অক্টোবর এমদাদুল হকের বড় ভাই আবদুল ওদুদ বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। সদর থানার এসআই এমরান আহমদ জানান, মামলাটি এখন খুনের মামলা হিসেবে গণ্য হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তাড়াইল থানার পুলিশ জানায়, উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের রাজু মিয়ার ছেলে সাইকুল বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। গত মঙ্গলবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর এলাকায় সেতুর নিচে তাঁর গলাকাটা লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। গতকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।