কিশোরগঞ্জে চুরি বেড়েছে আতঙ্কে শহরবাসী
কিশোরগঞ্জ জেলা শহরে উদ্বেগজনকভাবে বেড়েছে চুরির ঘটনা। জনবহুল আবাসিক ও বাণিজ্যিক এলাকায় একের পর এক চুরি হচ্ছে। এতে শহরবাসী আতঙ্কে আছেন।
জানা গছে, চলতি মাসে শহরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় একাধিক মামলা হলেও পুলিশ মালামাল উদ্ধার ও প্রকৃত চোরকে চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের গাইটাল, উকিলপাড়া, স্টেশন সড়ক, নগুয়া, খড়মপট্টিসহ কয়েকটি এলাকায় গত এক মাসে ৫০ থেকে ৬০টি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খড়মপট্টি কর্নেল হায়দার সড়কের মো. শাহজাহানের বাসায় ও একই সড়কের সুরক্ষিত চারতলা ভবনের তৃতীয় তলায় নাহার ভিলার মালিক রেজাউল হকের বাসায় চুরি। সাংবাদিক আলমগীর শাহজাহান রেজা, খড়মপট্টি এলাকার শিক্ষক ফেরদৌসী বেগম, ব্যবসায়ী রাজু, শোলাকিয়া এলাকায় মধু সরকার ও কামরুল ইসলামের বাসায় চুরি হয়। নীলগঞ্জ সড়কের হোসেনপুর কলেজের প্রভাষক স্বপন কুমার, আইনজীবী দম্পতি তানিয়া রহমান ও বিপ্লব রহমানের বাসা থেকে চোরেরা কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরগঞ্জ প্রথম আলো কার্যালয়ে চুরি হয়। ওই রাতেই চোরেরা উকিলপাড়ায় বাংলালিংক জেলা ডিস্ট্রিবিউটর কার্যালয়ে ঢুকে সবকিছু তছনছ করে দুটি ল্যাপটপসহ পাঁচ লাখ ৭৪ হাজার ১৮০ টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৯টি কার্ড নিয়ে যায়।
কিশোরগঞ্জ নাগরিক কমিটির সভাপতি আবু খালেদ পাঠান বলেন, ‘থানার সামনে শহরের সবচেয়ে সুরক্ষিত এলাকায় চুরির ঘটনা সবাইকে বিস্মিত করেছে। মনে হয় চোরেরা পুলিশকে চ্যালেঞ্জ করেছে। গত এক দশকে এক মাসে এত বেশি চুরির ঘটনা ঘটেনি। আমরা শহরবাসী ও ব্যবসায়ীরা আতঙ্কে আছি।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক চুরি বেড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে সাত চোরকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি ঠেকাতে পুলিশ পরিকল্পিত উদ্যোগ ও ব্যবস্থা নিচ্ছে।