কিশোরগঞ্জে চুরি রোধে পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগের সমন্বয় জরুরি
কিশোরগঞ্জের কুলিয়ারচর, কটিয়াদী, ভৈরব উপজেলাসহ গোটা হাওরে গরু চুরির সংখ্যা বেড়ে গেছে। এ ছাড়া ভাঙারি ব্যবসায়ীদের কারণে ছোট ছোট চুরির সংখ্যাও বেড়ে গেছে। এসব চুরি রোধে পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় জরুরি। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গত বৃহস্পতিবার বক্তারা এসব কথা বলেন। সভায় জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, সংঘবদ্ধ চোরের দল এলাকার বাথান ও মাঠ থেকে ভ্যানে করে গরু নিয়ে নিবিঘ্নে পালিয়ে যাচ্ছে। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম জানান, সম্প্রতি তিনটি গরু আটক করা হলে আদালত গরু লালনপালনের দায়িত্ব কাউকে দেননি। ফলে গরু নিয়ে পুলিশ ও প্রশাসনকে বিপাকে পড়তে হয়। পরে একটি গরু মারা যায়। সেই গরুর ময়নাতদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার পর মামলা নিষ্পত্তি হয়। সভায় জেলা চেম্বার অব কমার্সের পরিচালক বাদল রহমান বলেন, ভাঙারি ব্যবসায়ীদের কারণে ছোট ছোট চুরির সংখ্যা বেড়ে গেছে। শ্যালোমেশিন, কলের মাথা ও অন্যান্য যন্ত্রাংশ প্রতিদিনই চুরি হচ্ছে।এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিশেষ নজর দেবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, রাত আটটার পর দোকানপাট বন্ধ থাকার কথা। শহরের দোকানপাট রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। হোটেল-রেস্তোরাঁ প্রায় সারা রাত খোলা রাখা হয়। এ কারণেও অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সভায় পরবর্তী সময়ে এ ব্যাপারে সময় নির্ধারণ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, হাওরে ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু প্রতি মণ ধানের দাম ৪৮০ টাকা। এ অবস্থায় ধানের মূল্য বাড়িয়ে প্রতি ইউনিয়ন থেকে ধান সংগ্রহ করতে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, কটিয়াদীতে গরু চুরির অভিযোগে এক উপপরিদর্শক (এসআই) তিনটি গরু আটক করেন। কিন্তু আদালত থেকে তাঁকে ভর্ৎসনা করা হয়। তিনি নাকি অন্যের গরু নিয়ে এসেছেন। এতে পুলিশ কর্মকর্তাদের উৎসাহ কমে যায়। তিনি আরও বলেন, গরু চুরি রোধে ব্যবস্থা নিতে ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় জরুরি। তা না হলে দক্ষ কর্মকর্তারা উৎসাহ হারিয়ে ফেলবেন। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সভায় যেসব অপরাধের কথা বলা হয়েছে, তা পুলিশ ও প্রশাসন যৌথভাবে সহনশীল মাত্রায় নিয়ে আসবে।