কিশোরগঞ্জে ছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি
কিশোরগঞ্জে স্কুলছাত্র সাজ্জাদ হোসাইন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।
গতকাল রোববার সাজ্জাদের পরিবার ও স্থানীয় দুটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি পেশ করেন।
গতকাল দুপুরে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি শোক শোভাযাত্রা বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয়। পরে নিহত সাজ্জাদের পরিবারের সদস্য ও ছাত্রদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ ও পুলিশ সুপার আনোয়ার হোসেন খানের কাছে স্মারকলিপি পেশ করেন।
সাজ্জাদ কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার ব্যবসায়ী এনামুল হকের ছেলে। সে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২ আগস্ট রোববার সন্ধ্যায় সাজ্জাদ বাসা থেকে বেরিয়ে যায়। কিন্তু রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন। এলাকাবাসী রাত নয়টায় কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় ট্রেনে কাটা একটি ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে কিশোরগঞ্জ জিআরপি থানায় খবর দেন। পরিবারের সদস্যরা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে লাশটি সাজ্জাদের বলে শনাক্ত করেন। তার স্বজনেরা অভিযোগ করেন, দুর্বৃত্তরা সাজ্জাদকে কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে ফেলে রেখেছে।
কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সুভাষ কান্তি দাস বলেন, এ ব্যাপারে সাজ্জাদের বাবা এনামুল হক বাদী হয়ে কিশোরগঞ্জ জিআরপি থানায় একই এলাকার মাসুদ, রাব্বি ও নয়নের বিরুদ্ধে ৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।