কিশোরগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগ চলছে অছাত্রদের দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে অছাত্রদের নেতৃত্বেই চলছে দুই প্রধান ছাত্র সংগঠন—ছাত্রদল ও ছাত্রলীগ। জেলা ছাত্রদল ও ছাত্রলীগের কমিটির অধিকাংশই অছাত্র। নেতৃত্বে অছাত্ররা থাকায় সংগঠন দুটির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ থাকলেও ভয়ে কিছু বলতে সাহস পান না। সংগঠন সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম হুমায়ুন আইনজীবী। সাধারণ সম্পাদক ব্যবসায়ী। ১১ জন সহসভাপতির মধ্যে ১০ জনই অছাত্র। ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটিতে শতাধিকের ছাত্রত্ব নেই। ২০০১ সালে ছাত্রদলের জেলা কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি কমিটির নয় বছর পার হলেও নতুন কমিটি গঠন হয়নি। কমিটির সভাপতি সাইফুল ইসলাম বিবাহিত এবং শিক্ষানবিশ আইনজীবী। পাঁচজন সহসভাপতির সবাই বিবাহিত। সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ এবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরও ছাত্রত্ব নেই। তবে তিনি নিজেকে গুরুদয়াল সরকারি কলেজের বিএসএস শ্রেণীর ছাত্র বলে দাবি করেন। এ ব্যাপারে কলেজে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, এ নামে গুরুদয়াল কলেজে কোনো ছাত্র নেই। ছাত্রদলের ৮১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির ৫০ জনেরও বেশির ছাত্রত্ব নেই। জেলা ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম হুমায়ুন বিবাহিত এবং বর্তমানে আইন পেশায় জড়িত। সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পড়াশোনা ছেড়ে দিয়েছেন অনেক আগেই। ঠিকাদারিসহ অন্যান্য ব্যবসায় তিনি জড়িত। ২০০২ সালে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর আট বছর পার হলেও সম্মেলন হয়নি। উভয় সংগঠনের প্রায় অর্ধশত নেতা-কর্মীর সঙ্গে আলাপে জানা গেছে, ছাত্রত্ব না থাকলেও এসব নেতাই সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁদের নিয়ে সাধারণ নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা থাকলেও ভয়ে তাঁরা প্রতিবাদ করেন না। এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম হুমায়ুন ছাত্রলীগের কমিটির অধিকাংশ ছাত্রত্ব না থাকার সত্যতা স্বীকার করে বলেন, ‘অচিরেই কমিটি করা হবে। কমিটিতে অছাত্র কেউ থাকবে না। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্ররাজনীতির ইতি টানব।’ জেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামও কমিটির অধিকাংশ নেতার ছাত্রত্ব না থাকার কথা স্বীকার করে বলেন, ‘নতুন কমিটি গঠন হলে ছাত্ররাজনীতিতে ইস্তফা দেব।’