কিশোরগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে কর্মী সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদরে গতকাল মঙ্গলবার জেলা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে নির্ধারিত কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে। শহরের রথখোলা ময়দানে আয়োজিত ওই সমাবেশে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের তিনজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন জেলা কমিটি গঠনের জন্য গতকাল রথখোলা ময়দানে কর্মী সমাবেশ আহ্বান করা হয়। গতকাল সকাল থেকে ছাত্রদলের কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন। শহর ও আশপাশের এলাকায় নির্মাণ করা হয় ২৫টি তোরণ।দুপুরে মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যান নিয়ে কয়েক শ নেতা-কর্মী কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন ও অন্য নেতাদের বরণ করে সভাস্থলে নিয়ে আসেন। নেতারা মঞ্চে ওঠার কিছুক্ষণ পর ছাত্রদল জেলা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মাসুদের সমর্থকদের একটি বড় মিছিল সভাস্থলে পৌঁছে মঞ্চের দিকে অগ্রসর হয়। এ সময় মঞ্চের সামনে আগে থেকে অবস্থান নেওয়া বর্তমান সভাপতি সাইফুল ইসলাম ও সভাপতি প্রার্থী তারিকুজ্জামানের সমর্থকেরা তাঁদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ বেড়ে গেলে সাধারণ কর্মীরা সভাস্থল ত্যাগ করতে থাকেন। এ সময় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে সভাস্থল ত্যাগ করেন। সংঘর্ষের সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিনের নির্দেশে মঞ্চ থেকে অতিরিক্ত লোক নামিয়ে দিতে গেলে কিছু উচ্ছৃঙ্খল কর্মী বিশৃঙ্খলার সৃষ্টি করেন। সম্ভবত আবদুল্লাহ আল-মাসুদের সমর্থকেরা এই সংঘর্ষের ঘটনায় জড়িত।অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মাসুদ বলেন, ‘সভাপতি পদে আমার নিশ্চিত বিজয় বানচাল করতে বর্তমান সভাপতির সমর্থকেরাই পরিকল্পিতভাবে একতরফা হামলা চালিয়েছেন। এতে আমার ১৫ জন কর্মী আহত হন।’পুলিশের নীরব ভূমিকার কথা অস্বীকার করে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ‘পুলিশ হস্তক্ষেপ না করলে পরিস্থিতির আরও অবনতি হতো। সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।’