কিশোরগঞ্জে জঙ্গি সন্দেহে ২৫ জন আটক
কিশোরগঞ্জ শহরের হারুয়া ফিশারি সড়কের এক বাসা থেকে জঙ্গি সন্দেহে ২৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা ‘ইসলামী সমাজ’ নামের এই সংগঠনের নেতা-কর্মী। তাঁরা শহরের ফিশারি সড়কের একটি বাসায় গোপন বৈঠক করছিলেন। এই খবর পেয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন পুস্তিকা, প্রচারপত্র ও সিডি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন: রফিকুল ইসলাম (৪০), জামাল উদ্দিন (৩৪), ওসমান গণি (৪৭), মামুন মিয়া (২৫), সামসুল হক (২৮), জাকির হোসেন (২০), জালাল হোসেন (৩০), মোস্তফা কামাল (২৪), ইমরান হোসেন (১৭), আবু কালাম (৪০), মাসুম মিয়া (১৯), ফারুক মিয়া (৪৫), মফিজ মিয়া (৩৫), সিরাজ মিয়া (৩৫), জাহাঙ্গীর আলম (৩০), মঙ্গল মিয়া (২৮), নূরুল ইসলাম (৫৮), আমির আলী (৫২), কামাল মিয়া (৩৫), একাবুল মিয়া (৩১), সোহেল মিয়া (৩০), সাইফুল ইসলাম (২৬), জুয়েল মিয়া (৪০), হারুন-অর রশিদ (৫০) ও সিরাজ লসকর (৪২)। পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রথম আলোকে বলেন, আটক হওয়া ব্যক্তি ও তাঁদের সংগঠনের ব্যাপারে পুলিশের একাধিক সংস্থা তদন্ত করছে। তদন্ত শেষে এঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ সূত্র জানায়, আটককৃতদের মধ্যে রফিকুল ইসলাম দলনেতা। তাঁর বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। তিনি বছর দুয়েক আগে কিশোরগঞ্জ শহরের ফিশারি সড়কে একটি বাসা ভাড়া নিয়ে ‘ইসলামী সমাজে’র কার্যক্রম চালিয়ে আসছিলেন। কয়েক দিন ধরে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সংগঠনটির প্রচারপত্র বিলি করা হচ্ছিল। এই ব্যাপারে পুলিশ অনুসন্ধান করতে গিয়ে গত রাতে এই বাসার সন্ধান পায় এবং ২৫ জনকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, জঙ্গি তৎপরতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।