কিশোরগঞ্জে জঙ্গি সন্দেহে ২৫ জনকে কারগারে পাঠানো হয়েছে
কিশোরগঞ্জে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া ইসলামী সমাজের ২৫ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার তাঁদের কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোহাগ রঞ্জন পালের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে সকালে গ্রেপ্তার হওয়া ২৫ জনকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। এরপর তাঁদের মধ্যে ইসলামী সমাজের কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান রফিকুল ইসলামকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ। শুনানি শেষে বিচারক ২৫ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রফিকুল ইসলামের রিমান্ড আবেদনের শুনানি আজ রোববার অনুষ্ঠিত হবে।গত শুক্রবার রাত সাড়ে আটটায় জেলা শহরের ফিশারি সড়ক এলাকা থেকে ইসলামী সমাজের ২৫ সদস্যকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সদর থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জেহাদি বই, প্রচারপত্র ও সিডি উদ্ধার করা হয়।তবে গতকাল শনিবার এক বিবৃতিতে ইসলামী সমাজ জানায়, তাদের সংগঠনের কোনো নেতা-কর্মী জঙ্গি তৎপরতা বা নাশকতার সঙ্গে জড়িত নন। সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বৈঠক করছিলেন কিশোরগঞ্জের নেতা-কর্মীরা। ওই অবস্থায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করার ঘটনা অত্যন্ত দুঃখজনক।