কিশোরগঞ্জে জেএমবির নেতা ওবায়দুল্লাহ সুমনের যাবজ্জীবন কারাদণ্ড
১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কিশোরগঞ্জ অঞ্চলের কমান্ডার ওবায়দুল্লাহ ওরফে সুমনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান গতকাল বুধবার দুপুরে এ রায় দেন।ওবায়দুল্লাহ সুমনের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালরাজাবাড়ি গ্রামে। তাঁর বাবার নাম নুরুল আমিন।মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার অংশ হিসেবে কিশোরগঞ্জ জজ আদালতে দুটি, ফৌজদারি আদালত প্রাঙ্গণে দুটি, বত্রিশ আন্তজেলা বাসস্ট্যান্ডে একটি এবং শহরের পাবলিক লাইব্রেরি এলাকায় একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ছয় ব্যক্তি আহত হয়। এ ঘটনায় কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)-এর ক ও খ ধারায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত করে ওবায়দুল্লাহ ওরফে সুমন, শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আরেকটি মামলায় শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ায় তাঁদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত গতকাল এ রায় ঘোষণা করেন।রায়ে বলা হয়, ৩১ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ওবায়দুল্লাহ সুমনের বয়স কম। তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন। তাই তাঁকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হলো। রাষ্ট্রপক্ষে সহকারী সরকারি কৌঁসুলি মনোজ গোস্বামী এবং আসামিপক্ষে মীর ইকবাল হোসেন মামলাটি পরিচালনা করেন।নিকলীতে দায়ের বিস্ফোরকদ্রব্য আইনের অপর একটি মামলায় ওবায়দুল্লাহ সুমন বর্তমানে ১৫ বছরের সাজা ভোগ করছেন। ২০০৫ সালের ১৪ সেপ্টেম্বর পুলিশ নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পূর্বপাড়া গ্রাম থেকে ১২ প্যাকেট পাওয়ার জেল, চার কেজি গান পাউডার ও ৫০টি ডেটোনেটরসহ ওবায়দুল্লাহ সুমনকে গ্রেপ্তার করে।