কিশোরগঞ্জে জেএমবির পাঁচ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন
কিশোরগঞ্জে সন্ত্রাস দমন আইনে করা মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ম মো. সাঈদের আদালতে অভিযোগ গঠন করা হয়।অভিযোগ গঠনকালে জঙ্গি মাসুদুর রহমান, হুমায়ুন কবির, আরিফুল ইসলাম, কামাল হোসেন ও মুজাহিদ সোবহানী আদালতে উপস্থিত ছিলেন। আদালত জঙ্গি মুজাহিদের (১৬) বিচার কিশোর আদালতে করার আদেশ দিয়েছেন।গত ১৮ মে জেলার কটিয়াদী উপজেলার দড়িচরিয়াকোনা এলাকা থেকে গোপন বৈঠক করার সময় ওই পাঁচ জঙ্গিকে আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় জিহাদি বই। পরে পুলিশের কাছে তাঁরা জঙ্গি তৎপরতায় জড়িত থাকার কথা স্বীকার করেন।এ ঘটনায় ১৮ মে র্যাবের পক্ষে ওই পাঁচজনের বিরুদ্ধে কটিয়াদী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। পুলিশ ৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।