কিশোরগঞ্জে একজন ঠিকাদারের ওপর হামলা চালিয়ে তাঁর হাত-পা কেটে ফেলার ঘটনায় দায়ের করা মামলার রায়ে গতকাল বুধবার তিন সহোদরসহ পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ আজিজ আহমেদ ভূঁইয়া গতকাল বুধবার ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের আবুল কালাম, তাঁর ভাই নূরু ওরফে নূরুল আমিন ও মফিজ এবং আবুল কালামের ছেলে শাহীন ও রহমতউল্লাহ। তাঁরা সবাই বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার অপর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন আদালত।মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১১ সালের ১৬ জানুয়ারি নানশ্রী গ্রামের ঠিকাদার দিলদার আহমেদ (৩০) জেলা সদরের আখড়াবাজার থেকে কারপাশা যাওয়ার পথে বড় হাওরের বালিয়াজার বাঁধের সামনে ওই আসামিদের হামলার শিকার হন। আসামিরা তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ এবং ডান হাতের কনুইয়ের নিচের অংশ দেহ থেকে বিচ্ছিন্নকরে ফেলেন। ওই ঘটনায় দিলদার আহমেদের ভাই দেলোয়ার আহমেদ খান বাদী হয়ে পরে করিমগঞ্জ থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।