কিশোরগঞ্জে তিনটি উপজেলায় এসি ল্যান্ড পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে হাওরবেষ্টিত তিনটি উপজেলায় সহকারী কমিশনারের (এসি-ল্যান্ড) পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ অবস্থায় ভূমি কার্যালয়গুলোতে নামজারিসহ বিভিন্ন কাজ করতে এসে লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, নিকলী উপজেলার সহকারী কমিশনার মোহসীন উদ্দিন ২০১১ সালের ১২ আগস্ট বদলি হয়ে যান। এর পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান অতিরিক্ত হিসেবে ওই দায়িত্ব পালন করছেন। ইটনা উপজেলায় এসি (ল্যান্ড) পদ ২০০৫ সালের ২৩ মে খালি হয়। বর্তমানে ইউএনও ওবায়দুল ইসলাম এ দায়িত্ব পালন করছেন। ২০০৭ সালে অষ্টগ্রাম উপজেলার এসি (ল্যান্ড) বদলি হন। বর্তমানে ইউএনও মোহাম্মদ মোহসীন উদ্দিন অতিরিক্ত হিসেবে ওই দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, প্রশাসনিক কাজের পাশাপাশি এ দায়িত্ব পালনে সমস্যায় পড়তে হচ্ছে। ইটনার ইউএনও ওবায়দুল ইসলাম বলেন, দুটি দায়িত্ব পালন করা খুব কঠিন কাজ। কারণ, ভূমি বিরোধসংক্রান্ত বিষয়গুলো জটিল ও সময়সাপেক্ষ।