কিশোরগঞ্জে দুই দিন ধরে বিদ্যুতের লো-ভোল্টেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের ১০টি এলাকায় গত মঙ্গলবার দুপুর একটার দিকে বিদ্যুত্ চলে যায়। ৫৮ ঘণ্টা পর গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সরবরাহ করা হয় বিদ্যুত্। কিন্তু তখন থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ওই এলাকাগুলোতে চলছে বিদ্যুতের লো-ভোল্টেজ। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে ওই সব এলাকার ৩০ হাজার বাসিন্দা।বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কিশোরগঞ্জ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর একটার দিকে শহরের শোলাকিয়া জোড়াপুকুরপাড়, চর শোলাকিয়া সড়ক, শোলাকিয়া কানিকাটা, শহীদ কর্নেল হায়দার সড়ক, শহীদ খায়রুল সড়ক, নীলগঞ্জ সড়ক, নীলগঞ্জ মোড়, খড়মপট্টি বকুলতলা, খড়মপট্টি সরকারি পুকুরপাড় ও সাচাইল এলাকার বিদ্যুত্ চলে যায়। ওই এলাকার বাসিন্দারা পিডিবির কিশোরগঞ্জ কার্যালয়ে একাধিকবার বিদ্যুত্ সরবরাহ করার জন্য তাগাদা দেয়। পিডিবির লোকজন বৃহস্পতিবার শহরের নীলগঞ্জ মোড়ে স্থাপিত ট্রান্সফরমারটি কোনো রকমে সেরে দেন। ওই দিন রাত ১১টায় বিদ্যুত্ সরবরাহ হলেও ১০ মিনিটের মধ্যে ওই সব এলাকায় লো-ভোল্টেজ দেখা দেয়। এতে ওই সব এলাকার বাসাবাড়ি, দোকানপাটের টিউবলাইট ও ১০০ ওয়াটের বাল্ব পর্যন্ত জ্বলছে না। চালানো যাচ্ছে না পানির পাম্প। এতে পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছে লোকজন। শহীদ খায়রুল সড়কের গৃহিণী যশোদা আক্তার (৩৮) জানান, লো-ভোল্টেজের কারণে তাঁর ঘরের ফ্রিজটি নষ্ট হয়ে গেছে। পাম্প না চলায় ট্যাঙ্কে পানিও ওঠানো যাচ্ছে না। শোলাকিয়া এলাকার বাসিন্দা আফরোজা বেগম জানান, তাঁর বাসার পানির পাম্পটি লো-ভোল্টেজের কারণে নষ্ট হয়ে গেছে। ঘরের টিউবলাইট জ্বলছে না পাঁচ দিন ধরে। একই এলাকার সাইফুল হক জানান, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পাঁচ দিন বিদ্যুত্ থাকবে না, তা মেনে নেওয়া যায় না।পিডিবি কিশোরগঞ্জের একটি সূত্র জানায়, অতিরিক্ত গ্রাহকের বিদ্যুতের চাপ পড়ায় শহরের নীলগঞ্জ মোড়ে স্থাপিত ট্রান্সফরমারটিতে প্রায়ই ত্রুটি দেখা দেয়।পিডিবির কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুল কবীর বলেন, ‘নীলগঞ্জে নতুন ট্রান্সফরমার বসাতে হবে। কিন্তু আমাদের হাতে ট্রান্সফরমার নেই। নতুন ট্রান্সফরমার পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। আরও তিন-চার দিন কষ্ট করতে হতে পারে।’কিশোরগঞ্জ নাগরিক অধিকার কমিটির সভাপতি রুহুল কুদ্দুস জানান, কিশোরগঞ্জ শহরে বিদ্যুত্ উন্নয়নে গত পাঁচ বছরে কয়েক কোটি টাকার কাজ হয়েছে। পিডিবির ভান্ডারে একটি ট্রান্সফরমারও নেই। এর তদন্ত হওয়া প্রয়োজন।