কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ সাত পুলিশসহ আহত ২৫
কিশোরগঞ্জ সদর উপজেলায় ছাগলে ঘাস খাওয়া এবং দুটি পরিবারের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাত পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কর্শাকড়িয়াল ইউনিয়নের দামপাড়া গ্রামের মাতব্বর বাড়ির একটি ছাগল চৌদ্দশত ইউনিয়নের নয়াবাড়ির একটি জমির ঘাস খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই পরিবারের লোকজনের মধ্যে এক ও হাতাহাতি হয়। একপর্যায়ে কর্শাকড়িয়াল, দামপাড়া ও চৌদ্দশত ইউনিয়নের বড় খালপাড়ের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার পুলিশের একটি দল সংঘর্ষ থামাতে যায়। এ সময় ইটপাটকেল ও বর্শার আঘাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) ছবুর উদ্দিন, কনস্টেবল নাজিম উদ্দিন, ফজলুল হক, উজ্জ্বল কুমার, হাদিউল ইসলাম, আসাদুর রহমান, নাজমুল হক আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।