কিশোরগঞ্জে দুই পৌরসভার ১৩ প্রার্থীর জরিমানা
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচজন মেয়র প্রার্থী ও সাতজন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পৃথক ভ্রাম্যমাণ আদালত কিশোরগঞ্জ পৌরসভার একজন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তরফদার সোহেল রহমান বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাইয়ুম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সৈয়দ হোসেন ও আবদুল কাদির; বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার আলী মৃধার প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দেয়ালে পোস্টার লাগানোসহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এই জরিমানা করা হয়। এ ছাড়া এই পৌরসভার সাত কাউন্সিলর প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মোট ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
কিশোরগঞ্জ পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, গতকাল শনিবার রাত ১০টার দিকে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ এই আদালত পরিচালনা করেন।