কিশোরগঞ্জে দুই ভাইয়ের যাবজ্জীবন
কিশোরগঞ্জে এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামী চান মিয়া ও তাঁর (চান মিয়া) বড় ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এ রায় দেন।
আদালত ও মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৬ সালে ২৭ এপ্রিল রাতে চান মিয়া ও তাঁর বড় ভাই সুরুজ আলীকে সঙ্গে নিয়ে নিজের (চান মিয়া) স্ত্রী শেলি আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন। পরে এলাকায় আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। ঘটনার পর শেলির বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে চান মিয়া ও সুরুজকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চান মিয়াকে গ্রেপ্তার করে। চান মিয়া বিচারিক হাকিমের কাছে ১৬৪ ধারায় হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য শেষে আদালত ওই দিন চান মিয়া ও সুরুজকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্ত ব্যক্তিরা কিশোরগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।