কিশোরগঞ্জে দুই মাসে ১৫০ মোটরসাইকেল চুরি
কিশোরগঞ্জ জেলায় গত দুই মাসে দেড় শতাধিক মোটরসাইকেল চুরি হয়েছে। চুরি বেড়ে যাওয়ায় মোটরসাইকেলের মালিকেরা আতঙ্কে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চোর চক্র মোটরসাইকেল চুরি করে জেলার বাইরে নিয়ে যাচ্ছে। গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার জেলার বিভিন্ন স্থান থেকে ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। চোরেরা আন্তজেলা একটি চক্রের সদস্য।
মোটরসাইকেল চুরি রোধে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। তারা রাতদিন কাজ করলেও চুরি ঠেকাতে পারছে না। চুরি রোধে জেলায় ‘অন টেস্ট’ মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভুক্তভোগী অনেকে জানান, মোটরসাইকেলে আধুনিক তালা লাগানোর পরও যানবাহনটি চুরি হচ্ছে। এই অবস্থায় মোটরসাইকেলের মালিকেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন।
জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাসে জেলায় দেড় শতাধিক মোটরসাইকেল চুরি হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক চোরাই মোটরসাইকেল বিক্রি হয়েছে। এক লাখ ২০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল চোরাই বাজারে ৫০-৬০ হাজার টাকায় কেনা যায়। ফলে লোকজন চোরাই মোটরসাইকেল কিনতে উৎসাহিত হয়।
পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, চুরি রোধে ‘অন টেস্ট’ ও সন্দেহজনক মোটরসাইকেলের ওপর নজনদারি জোরদার করা হয়েছে। লাইসেন্স (অনুমতিপত্র) ছাড়া কেউ যেন কোনোভাবে মোটরসাইকেল চালাতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া কম বয়সী কেউ যেন মোটরসাইকেল চালাতে না পারে, সে ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।