কিশোরগঞ্জে দুজনের বিরুদ্ধে তদন্তশুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে হাছেন আলী ও মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। গত মঙ্গলবার দুপুরে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক এম সানাউল হকের নেতৃত্বে একটি দল কিশোরগঞ্জ সার্কিট হাউসে এ বিষয়ে অভিযোগকারীসহ অন্যদের সাক্ষ্য গ্রহণ করেন।

তদন্ত দল মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল তাড়াইল উপজেলা ও করিমগঞ্জের আইলা গ্রাম পরিদর্শন করেন। সেখানেও তাঁরা বিভিন্নজনের বক্তব্য নেন। মঙ্গলবার সন্ধ্যায় সার্কিট হাউসে ফিরে সানাউল হক সাংবাদিকদের জানান, রাজাকার হাছেন আলী ও রাজাকার কমান্ডার নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাড়াইল উপজেলার হাছেন আলীর বিরুদ্ধে একাত্তরে স্বামীসহ আট আত্মীয়কে হত্যার অভিযোগ এনে ২০১০ সালে কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে মামলা করেন সঞ্জু বালা ঘোষ। মামলায় অভিযোগ করা হয়, হাছেন আলী মুক্তিযুদ্ধকালে দলবল নিয়ে সতীশ চন্দ্র ঘোষ, তাঁর তিন সহোদরসহ আটজন আত্মীয়কে প্রকাশ্যে একসঙ্গে হত্যা করেন। পরে মামলাটি তাড়াইল থানায় তালিকাভুক্ত করা হয়। করিমগঞ্জ উপজেলার নাসির উদ্দিনের বিরুদ্ধে একাত্তরে বাবাকে হত্যার অভিযোগ এনে ২০১০ সালে বিচারিক হাকিম আদালতে মামলা করেন মো. গোলাপ মিয়া।