কিশোরগঞ্জে দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের এক সভায় বক্তারা দুর্নীতিবিরোধী আন্দোলনকে বেগবান করতে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, এ পদক্ষেপ নিলে দুর্নীতির মাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসবে। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীতে সচেতন নাগরিক কমিটি (সনাক), স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) ও ইয়েস ফ্রেন্ডস দলের এক যৌথ সভায় বক্তারা এ কথা বলেন। সনাকের আহ্বায়ক মায়া ভৌমিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অধ্যাপক আবদুল গণি, অধ্যাপক শামসুন্নাহার, টিআইবির কর্মসূচি কর্মকর্তা করুণা কিশোর চক্রবর্তী, সনাকের সদস্য দিপিকা দাস, নূরুল আলম, শ্যামলা নন্দী প্রমুখ। বক্তারা গত এক বছরে কিশোরগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার ব্যবস্থাপনায় কাজ করতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, কিশোরগঞ্জে গত এক বছরে এই তিন খাতে দুর্নীতি কিছুটা কমেছে। সম্মিলিত কার্যক্রম ও কর্মসূচি এলাকার সাধারণ মানুষকে সচেতন করেছে। সমাজে দুর্নীতিবিরোধী মনোভাবের সৃষ্টি হওয়ায় এই তিন খাতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা লাগামহীন দুর্নীতি করতে পারছে না। সার্বিক বিবেচনায় কাজের ফলাফল ভালো ও ইতিবাচক।