কিশোরগঞ্জে দুর্বৃত্তদের হাতে তরুণ খুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের কইতান্নাইয়া গ্রামের হাওরে দুর্বৃত্তরা শামীম মিয়া (২৬) নামের এক তরুণকে হত্যা করেছে। তাঁর বাড়ি নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের দৌলতপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা কিশোরগঞ্জ-নিকলী সড়কের ওই এলাকায় কিরিচ দিয়ে তরুণের পেটে ও মুখে একাধিক আঘাত করে। মৃত্যু নিশ্চিত করার পর দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। রোববার সকালে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়। তিনি ভাড়ায় মোটরসাইকেলে বিভিন্ন স্থানে যাত্রী আনা-নেওয়া করতেন। গতকাল সোমবার নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কটিয়াদী থানার ওসি এমদাদুল হক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁকে খুন করে মোটরসাইকেলটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দুবৃর্ত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।