কিশোরগঞ্জে ধান কাটার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরাঞ্চলসহ কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়ে গেছে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কিষান-কিষানির মুখে ফুটেছে আনন্দের হাসি। তারা ভুলে গেছেন গত বছরের আগাম বন্যায় ফসল হারানোর কষ্ট।সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃহত্তর ময়মনসিংসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষিশ্রমিকেরা ধান কাটতে হাওর অঞ্চলে এসেছেন। হাওর ও নদীর পাড় ঘেঁষে অস্থায়ী ঘর (জিরাতি বা বাথান) তৈরি করে তাঁরা ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন। হাওরে এবার বোরোর ভালো ফলন হয়েছে। উৎসবমুখর পরিবেশে চলছে ধান কাটার কাজ।কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার এক লাখ ৭৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯২০ মেট্রিক টন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে আগামী ১৫ দিনের মধ্যে ৯০ শতাংশ ফসল ঘরে তোলা যাবে। উৎপাদনের পাশাপাশি এ বছর ধানের দামও বেশ ভালো। বাজারে নতুন বোরো ৫৫০ থেকে ৬৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।হাওর উপজেলা ইটনার বড়িবাড়ী গ্রামের কৃষক রাজ্জাক মিয়া জানান, তাঁর দুই একর জমিতে ১৪০ মণ ধান পেয়েছেন। বাজারদর ভালো হওয়ায় উৎপাদন ব্যয় বেশি হলেও গতবারের ক্ষতি পুষিয়ে নেওয়া যাচ্ছে।কটিয়াদী উপজেলার চানপুর গ্রামের বর্গাচাষি শহীদ মিয়াও জানালেন একই কথা। এবার তাঁর দেড় একর পত্তন জমিতে প্রায় ১০০ মণ ফলন হয়েছে। ভাগাভাগি করার পর তিনি পেয়েছেন ৫০ মণ।ইটনা উপজেলা সদরের কৃষক আবদুল লতিফ জানান, বৈশাখে কম বৃষ্টি হলে ধান মাড়াই ও শুকাতে তেমন বেগ পেতে হবে না। তবে বৃষ্টি বেশি হলে সমস্যা হবে।ইটনা উপজেলার কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, কিশোরগঞ্জের গভীর হাওরে চারটি উপজেলার মধ্যে ইটনা উপজেলায় সবচেয়ে বেশি বোরো ধান হয়। এবার ২৯ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। এরই মধ্যে ৬০ শতাংশ জমির ধান কৃষকেরা গোলায় তুলেছেন।