কিশোরগঞ্জে নদী থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে নরসুন্দা নদীর গুরুদয়াল কলেজ সেতুর নিচ থেকে গতকাল শুক্রবার দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের স্থানীয় সরকারি কবরস্থানে দাফন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন গতকাল বিকেলে ওই সেতুর নিচে সদ্যোজাত শিশু দুটির লাশ দেখে ভিড় করে। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশু দুটিকে গতকাল দুপুরে নদীতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, জন্মের পর শিশু দুটিকে মেরে ফেলা হয়ে থাকতে পারে। লাশ উদ্ধারের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুই নবজাতককে সরকারি গোরস্থানে দাফন করা হয়েছে।