কিশোরগঞ্জে নববধূকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জ সদর উপজেলার বেত্রাহাটী গ্রামে নববধূ মরিয়ম আক্তারকে (১৮) আগুনে পুড়িয়ে মেরে ফেলার ঘটনায় অভিযুক্ত স্বামী আবু বাক্কারসহ অন্য সাত আসামি ঘটনার দুই মাস পরও গ্রেপ্তার হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার গার্ল উইমেন এমপাওয়ারমেন্ট নেটওয়ার্কসহ ৩০টি নারীসংগঠনের পক্ষ থেকে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতাসহ সুশীল সমাজের ব্যক্তিরাও অংশ নেন। ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জানান, বর্বরোচিত ঘটনার পর দুই মাস চলে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় সচেতন মহল হতাশায় আছে। আশা করি, অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিরা আইনের আওতায় আসবে।