কিশোরগঞ্জে নববধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন!
কিশোরগঞ্জ সদর উপজেলার বেতরাহাটি গ্রামের এক নববধূর গায়ে গতকাল বুধবার ভোরে তাঁর স্বামী কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।আগুনে নববধূ মরিয়ম আক্তারের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বছর খানেক আগে মরিয়মের (১৯) সঙ্গে প্রতিবেশী আবু বাক্কারের (২৮) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মরিয়ম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হয়ে গেলে প্রায় ১২ দিন আগে এক সালিসের সিদ্ধান্ত অনুযায়ী মরিয়মকে বিয়ে করেন বাক্কার। অভিযোগ উঠেছে, সালিসের সিদ্ধান্ত মেনে নিয়ে বিয়ে করলেও বাক্কার ও তাঁর পরিবারের সদস্যরা মরিয়মকে বধূ হিসেবে মেনে নিতে পারেননি। এ জন্য তাঁরা নানাভাবে মরিয়মকে নির্যাতন করতেন। গতকাল ভোর পাঁচটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মরিয়ম ঘর থেকে বের হওয়ার পর কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর স্বামী বাক্কার মরিয়মের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মরিয়মের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।গতকাল বেলা ১১টার দিকে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন মরিয়ম সাংবাদিকদের বলেন, ‘ঘর থেকে বের হওয়ার পর আমার দুই দেবর কাশেম ও শহীদ, তাঁদের বন্ধু কাঞ্চন, মামুন, লালন ও কালামকে নিয়ে আমার স্বামী এ ঘটনা ঘটিয়েছেন। আমি তাঁদের চিনতে পেরে চিৎকার দিলে সবাই দৌড়ে পালিয়ে যান।’মরিয়মের মা আম্বিয়া খাতুন বলেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে নানাভাবে নির্যাতন করা হচ্ছিল। এর প্রতিবাদ করায় মরিয়মের বাবা গিয়াস উদ্দিনকে তিন দিন আগে বাক্কার পিটিয়ে গুরুতর আহত করেন। গিয়াস বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেন বলেন, গৃহবধূ মরিয়মের শরীরের অন্তত ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আলী বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। দুপুরের দিকে মরিয়মকে নিয়ে তাঁর স্বজনেরা ঢাকার উদ্দেশে রওনা হন।গৃহবধূ নির্যাতনের এই ঘটনায় মহিলা পরিষদসহ জেলার মানবাধিকার সংগঠনগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে কেরোসিনের খালি দুটি বোতল উদ্ধার করা হয়েছে। অপরাধীরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।