কিশোরগঞ্জে নিজামীর কুশপুত্তলিকা দাহ
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে তুলনার প্রতিবাদে কিশোরগঞ্জে গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর দুই নেতা গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড পৌর মার্কেট থেকে গতকাল বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে ‘নবীজীর অবমাননা/মানি না মানব না, গোলাম আযম নিজামী/গণহত্যার আসামি, নিজামী রাজাকার/এই মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. আসাদ উল্লাহর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আনোয়ার কামাল, বাসির উদ্দিন, ছগির আহমেদ, মুসলেহ উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীদের বিচার না হওয়ায় তাঁরা আজ ধর্ম নিয়ে রাজনীতি করছেন। নবীজীকে (সা.) অবমাননার ধৃষ্টতা দেখাচ্ছেন। যেখানে অন্য কোনো নবীর সঙ্গেও হজরত মুহাম্মদ (সা.)-এর তুলনা চলে না, সেখানে নিজামীর সঙ্গে তুলনা করে ধর্মানুভূতিতে আঘাত করা হচ্ছে। বক্তারা এসব যুদ্ধাপরাধী ও নবীজীর অবমাননাকারীর দৃষ্টান্তমূলক ফাঁসি চান।সমাবেশের একপর্যায়ে গোলাম আযম ও নিজামীর কুশপুত্তলিকায় জুতাপেটা ও থুতু ছিটানো হয়। পরে তা দাহ করা হয়।