কিশোরগঞ্জে নয় দিন ধরে চলছে অ্যাম্বুলেন্স ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্স রাখার অনুমতি না দেওয়ায় নয় দিন ধরে ধর্মঘট পালন করছেন অ্যাম্বুলেন্স মালিকেরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সরকারি হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্স রাখার কোনো সুযোগ নেই।
গত ২৩ জুলাই থেকে লাগাতার এ ধর্মঘট শুরু হয়েছে। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স রাখার (পার্কিং) সুবিধা দেওয়ার দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন প্রাইভেট অ্যাম্বুলেন্সের মালিক-চালকেরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। কর্মসূচিতে জেলা বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক মো. কাজী মামুনুর রশিদ নেতৃত্ব দেন।
পৌরসভার কয়েকজন বাসিন্দা ও হাসপাতালের দুজন চিকিৎসক বলেন, জটিল রোগীদের অন্যান্য হাসপাতালে নেওয়ার জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স প্রয়োজন। কিন্তু হাসপাতালের আঙিনা থেকে এসব অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে রোগী ভাগিয়ে নেওয়ার অনেক অভিযোগ রয়েছে। এ জন্য উভয় পক্ষ মিলে আলাদা একটা জায়গায় অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করলে রোগীদের সুবিধা হবে।
সিভিল সার্জন মো. আবদুল গণি বলেন, বেসরকারি অ্যাম্বুলেন্সের প্রয়োজন। কিন্তু সরকারি হাসপাতাল চত্বরে তাদের অ্যাম্বুলেন্স রাখার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। তাঁর আগের সিভিল সার্জনের সময় থেকেই হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্স এবং ওষুধ কোম্পানিগুলোর প্রতিনিধিদের মোটরসাইকেল রাখা বন্ধ। তিনি নতুন করে পার্কিংয়ের অনুমতি দিতে পারবেন না। তবে অ্যাম্বুলেন্স মালিকেরা আশপাশের কোথাও একটি গাড়ি রাখার জায়গা তৈরি করে নিলে এ সমস্যা আর থাকে না।