কিশোরগঞ্জে পাঁচ শতাধিক পোলট্রি খামার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ-হরতালের কারণে কিশোরগঞ্জের পোলট্রি ব্যবসায় ধস নেমেছে। জেলার বাইরে ডিম ও মুরগি পাঠাতে না পারায় লোকসানের মুখে ইতিমধ্যে পাঁচ শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছেন এ ব্যবসার সঙ্গে যুক্ত সহস্রাধিক তরুণ-তরুণী।

পোলট্রি ব্যবসায়ী ও জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, আশির দশকের শেষ দিকে কিশোরগঞ্জে পোলট্রি শিল্প গড়ে ওঠে। এ ব্যবসার মাধ্যমে আত্মকর্মসংস্থান করে সচ্ছলতার পথ দেখেন জেলার হাজার হাজার শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত নারী-পুরুষ। ছোট-বড় মিলিয়ে জেলায় প্রায় তিন হাজার পোলট্রি খামার রয়েছে। এই খামার, খাদ্য উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন প্রায় এক লাখ লোক। এসব খামারে উৎপাদিত মাংস ও ডিম জেলার চাহিদা মেটানোর পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।

পোলট্রি ব্যবসায়ীরা জানান, হরতাল-অবরোধসহ বিভিন্ন সহিংস কর্মসূচির কারণে তিন মাস ধরে তাঁরা মুরগি ও ডিম জেলার বাইরে পাঠাতে পারেননি। ফলে ১৩৫ টাকা দামের প্রতি কেজি ব্রয়লার মুরগি স্থানীয় বাজারে সর্বোচ্চ ৯০ টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ১০০টি ডিমের মূল্য ৯০০ টাকার পরিবর্তে ৬৫০ টাকায় বিক্রি করে লোকসান গুনছেন। লোকসান দিয়ে টিকতে না পেরে গত দুই মাসে জেলার পাঁচ শতাধিক খামার বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন জেলা পোলট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হাফিজুর রহমান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এস মো. নওশাদ হোসেন।

সদর উপজেলার হাবিব পোলট্রি ফার্মের মালিক মো. হাবিবুর রহমান বলেন, কাটাবাড়িয়া এলাকায় অবস্থিত তাঁর খামারে দেড় হাজার মুরগি ছিল। অবরোধের কারণে ঢাকায় মুরগি পাঠাতে না পেরে ৬০ হাজার টাকা লোকসানে স্থানীয় বাজারে সব মুরগি বিক্রি করে খামার বন্ধ করে দিয়েছেন। ব্যবসা বন্ধ থাকায় তিনি চোখে অন্ধকার দেখছেন।

একই কথা বলেন সাদুল্লারচর এলাকার মো. নজরুল ইসলাম, তমাল মিয়া, খালেদ সাইফুল্লাহসহ অনেক ব্যবসায়ী।

পোলট্রি ব্যবসায়ীদের নেতা মো. হাফিজুর রহমান জানান, ডিম উৎপাদনের জন্য তাঁর খামারে সাড়ে তিন হাজার মুরগি ছিল। ডিম দেওয়া মুরগি তৈরি করতে প্রতিটির পেছনে ৪০০ টাকা করে খরচ হয়। অবরোধ-হরতালের কারণে বাজারে ডিম সরবরাহ করতে না পারায় সাত লাখ টাকা লোকসান দিয়ে সব মুরগি বিক্রি করে দিয়েছেন। তাঁর ব্যাংকের চলতি মূলধনি ঋণও বন্ধ হয়ে গেছে। তিনি বিকল্প ব্যবসার কথা ভাবছেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা এ এস মো. নওশাদ হোসেন বলেন, এভাবে চলতে থাকলে কিশোরগঞ্জে পোলট্রি ব্যবসা মুখ থুবড়ে পড়বে।