কিশোরগঞ্জে পোলট্রি শিল্প রক্ষায় খামারিদের বিক্ষোভ
পোলট্রি ফিডের মূল্যবৃদ্ধি ও ডিমের মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় পোলট্রিশিল্প ধ্বংসের পথ থেকে রক্ষায় গতকাল সোমবার কিশোরগঞ্জে পোলট্রি খামারিরা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিল শেষে খামারিরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (কিশোরগঞ্জ শাখা)।স্মারকলিপিতে পোলট্রিশিল্প রক্ষায় নীতিমালা প্রণয়ন ছাড়াও সম্প্রতি বার্ড ফ্লুতে আক্রান্ত খামারিদের প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের জেলা শাখার সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ জেলা দেশের দ্বিতীয় বৃহত্তম পোলট্রিশিল্প এলাকা, যেখানে তিন লক্ষাধিক লোক এই শিল্পের সঙ্গে জড়িত।