কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মাইথ্যার বিল এলাকায় গতকাল সোমবার প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আটজন। মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মামলা রয়েছে।নিহত ব্যক্তির নাম কাইয়ুম (৪৮)। কটিয়াদি উপজেলার চান্দপুর দুর্গাপুর এলাকায় তাঁর বাড়ি। হামলার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালের দিকে কটিয়াদির চান্দপুর দুর্গাপুর থেকে একটি পিকআপ ভাড়া নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন হামলার শিকার ওই নয় ব্যক্তি। মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে করা মামলার বিবাদী হিসেবে গতকাল কিশোরগঞ্জের একটি আদালতে তাঁদের হাজিরা দেওয়ার কথা ছিল।নিহত ব্যক্তির পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, সকাল নয়টার দিকে পিকআপটি মাইথ্যার বিল এলাকায় পৌঁছার পর প্রতিপক্ষের লোকজন এর গতিরোধ করে। এর পর মামলার বাদী তুহিন দফাদারের নেতৃত্বে ১৫-১৬ জন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।পরে স্থানীয় লোকজন আহত নয়জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাইয়ুম মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে এরশাদ মাহমুদ (২৫), বাচ্চু মিয়া (৫০), শাওয়াল মিয়া (৪৫), লিটন (৩০), সেলু (৪৫), লতিফ (৪৫) ও আল আমিনকে (২৫) চিকিৎসকদের পরামর্শে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।হামলার অভিযোগের বিষয়ে তুহিন দফাদারের বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। হামলায় জড়িত সন্দেহে ছয়জনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন: জালাল (৫৫), হোসেন (২৪), মিজান (৩০), মামুন (২০), মুরাদ (২৫) ও তারিফ (২২)। হামলার ও গ্রেপ্তারের ঘটনার সততা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’