কিশোরগঞ্জে প্রবীণ রাজনীতিক ও আইনজীবীকে হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের প্রবীণ রাজনীতিক, গণতন্ত্রী পার্টি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলীকে (৫৫) শনিবার দিবাগত রাতে এক দল দুর্বৃত্ত হত্যার চেষ্টা চালায়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁর ডান হাত কেটে যায়।তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গতকাল রোববার মোহাম্মদ আলী বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।মোহাম্মদ আলী বলেন, ‘প্রথমে দুর্বৃত্তরা আমার গলা চেপে ধরে। আমি প্রতিহত করলে তারা ছুরিকাঘাত করে। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা ছোরা ও দুই আঁটি রশি ফেলে পালিয়ে যায়। পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত রহস্য ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পারবে বলে আমার বিশ্বাস।’গতকাল রোববার সকালে খবর পেয়ে শহরের গণ্যমান্য ব্যক্তি ও অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেনসহ পুলিশের একটি দল তাঁর বাসায় ছুটে যায়।পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর পরিবারের কোটি টাকার সহায়-সম্পত্তি রয়েছে। অবিবাহিত থাকায় তাঁদের সম্পত্তি নিয়ে আত্মীয়স্বজনের মধ্যে মনোমালিন্য রয়েছে। তবে মোহাম্মদ আলী জানান, তাঁকে হত্যা করতে পারে, এমন ধারণা তাঁর নেই।কিশোরগঞ্জ জেলা বারের একাধিক আইনজীবী জানান, ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও শ্রমজীবী মানুষের পক্ষে রাজনীতির আপসহীন এই নেতা সারা জীবন বাম রাজনীতিতে বিশ্বাসী । তাঁর মতো একজন মানুষকে হত্যা করতে পারে, তা বিস্ময়কর বলে উল্লেখ করে তাঁরা এ ঘটনায় কারা জড়িত, তা চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।