কিশোরগঞ্জে বই বিক্রেতাদের ধর্মঘট আজ
প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ এর কয়েকটি ধারা সংশোধনের দাবিতে গতকাল সোমবার কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
গতকাল দুপুরে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে জেলা বাপুসের আহ্বায়ক শাহ অলিউল্লাহ জুবায়েরের নেতৃত্বে সংগঠনের সদস্যরা অংশ নেন। বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মশিউর রহমান ও সদস্য আহমেদুল কবির। তাঁরা প্রস্তাবিত শিক্ষা আইনে নোটবই ও গাইড বইয়ের সংজ্ঞা, সৃজনশীল সহায়ক ও রেফারেন্স গ্রন্থ প্রকাশ পরিপন্থী উপধারাগুলো এবং শাস্তিমূলক ব্যবস্থার ধারা-উপধারাগুলো বাতিলের দাবি জানান। তাঁরা বলেন, প্রস্তাবিত আইন কার্যকর হলে এ শিল্পের সঙ্গে জড়িত দেশের প্রায় ২৫ লাখ লোক বেকার হয়ে পড়বেন। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
সারা দেশের মতো জেলার সব পুস্তক ব্যবসাপ্রতিষ্ঠানে আজ ও আগামীকাল ধর্মঘট পালন করা হবে।