কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের ইটনা উপজেলার আঙ্গান হাওরে বজ্রপাতে ফারুক মিয়া (৩৬) ও আবদুর রাশিদ (৪৭) নামের দুই কৃষক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে বারটার দিকে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন দুজন কৃষক। তাঁরা হলেন কাঞ্চন মিয়া (৪৫) ও আজিজুল হক (৩৭)। তাঁদের মধ্যে কাঞ্চন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও আজিজুল হককে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামে।
পুলিশ জানায়, এক সপ্তাহ ধরে হাওরে ধান কাটা শুরু হয়েছে। এজন্য কৃষকদের হাওরেই তাঁবু তৈরি করে বসবাস করতে হচ্ছে। রাত ১১টার দিকে বজ্রসহ শিলাবৃষ্টি শুরু হয়। একপর্যায়ে একটি তাঁবুর ওপর বজ্রপাত হয়। হতাহতরা সবাই ওই তাঁবুতে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, দুজনের লাশ আজ শুক্রবার সকালে স্বজনেরা এসে নিয়ে গেছেন।