কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. হারিছ মিয়া (৫৫) ও রমজান আলী (৪০) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ও মোকামবাড়ি এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
নিহত হারিছ মিয়া বারঘরিয়া এলাকার আবদুল গফুরের ছেলে ও রমজান আলী গুণধর গ্রামের আবদুল মজিদের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন হারিছ মিয়া। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে প্রায় একই সময় বাড়ির পাশে জমিতে সেচ দেওয়ার সময় বজ্রপাতে আহত হন রমজান আলী। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।