কিশোরগঞ্জে বধ্যভূমি পরিদর্শন করল তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করেছে।ট্রাইব্যুনালের সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এম সানাউল হক ও তদন্ত কর্মকর্তা মতিউর রহমান গতকাল জেলা সদরের বড়পুল, শোলমারা, নীলগঞ্জ, বড়ইতলা, যশোদল ও ধুলদিয়া রেলসেতু এলাকাসহ বেশ কয়েকটি বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তদন্ত দল একাত্তরের গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের ব্যাপারে শহীদদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য নেয়।তদন্ত দলের সঙ্গে ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হায়দার জাহান ফারাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আসাদুল্লাহ, উপ-কমান্ডার এম এ মান্নান এবং জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা।এর আগে গত বুধবার তদন্ত দল জেলার ভৈরব উপজেলার মানিকদী বধ্যভূমি, বাজিতপুরের রেলওয়ে সেতু বধ্যভূমি ও সিঅ্যান্ডবি সেতু বধ্যভূমি পরিদর্শনের সময় শহীদদের আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন। তাঁরা অনেকেই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত কর্মকর্তার কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেন।এম সানাউল হক জানান, বধ্যভূমি পরিদর্শনের সময় গণহত্যার প্রমাণসহ বিভিন্ন তথ্য পাওয়া গেছে।তদন্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, কিশোরগঞ্জ সদরসহ জেলার অন্যান্য এলাকার বধ্যভূমি পরিদর্শন করা হয়েছে। রাজাকার-আলবদরদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনীর হাতে শহীদদের পরিবারের সদস্যদের কাছ থেকে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেছেন তাঁরা। কথা বলেছেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে।