কিশোরগঞ্জে বন্যা, ভাঙন
কিশোরগঞ্জের উজানের চারটি উপজেলাসহ পুরো হাওর এলাকা বানের পানিতে ভাসছে। টানা বর্ষণ ও ঢলের পানিতে গত কয়েক দিনে নদ-নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।তবে হাওরবাসী বন্যার চেয়ে ‘আফাল’ (বাতাসে সৃষ্ট ঢেউ) নিয়ে বেশি চিন্তিত। কারণ এখনো তলায়নি—এমন এলাকাগুলোয় রয়েছে ভাঙনের তীব্রতা। হাওরের পানির ঢেউয়ের আঘাতে ভাঙছে বাঁধ, উঁচু রাস্তা ও বিস্তীর্ণ গ্রাম। বাতাসের গতি আরও বাড়লে ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে।কিশোরগঞ্জ জেলা ত্রাণ কার্যালয় ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে, হাওর উপজেলা ইটনা, নিকলী, মিঠামইন, অষ্টগ্রামের পাশাপাশি তাড়াইল, করিমগঞ্জ ও বাজিতপুরেও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি ঢুকে পড়ায় হাওরের ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা যেতে পারছে না। গত কয়েক দিনে সামান্য বাতাসেই হাওরের ৬০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার ইটনা উপজেলার বিরারভিটা বরমন্দী গ্রামের আসাদ মিয়ার শিশুকন্যা মিম (৪) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের কাজল মিয়ার শিশুপুত্র সাইম (৫) পানিতে ডুবে মারা গেছে।ঢেউয়ের আঘাতে ইটনা উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয় এবং চরকাওনা, বড়িবাড়ী, টিয়ারকোনা, শিমুলবাগ, বাদলা, কুর্শি, সিমলা, এলংজুড়ি, কাকটেঙ্গুইর গ্রাম ভাঙনের কবলে পড়েছে। উপজেলার নতুন বাজারের কয়েকটি দোকান, চাড়িগ্রাম বাজারের প্রতিরক্ষা দেয়াল হুমকিতে পড়েছে। মিঠামইন উপজেলা রক্ষা বাঁধ ভেঙে পড়েছে। উপজেলার সরকারহাটি, মহিষাকান্দা, কাজীপাড়া, শহীদপুর, মধ্য গোপদীঘি, চরপাড়া, সুতারপাড়া, বড়কান্দা, সুনামপুরসহ ২০টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। এ ছাড়া ঢেউয়ের আঘাতে নিকলী উপজেলার বেশ কয়েকটি গ্রামের শতাধিক বাড়ি ভাঙনের কবলে পড়ছে। অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম-ইকরদিয়া রাস্তা এক কিলোমিটার সম্পূর্ণ ভেঙে গেছে এবং আরও ১০ কিলোমিটার হুমকিতে রয়েছে।ইটনা উপজেলার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, উপজেলার কয়েকটি বাঁধে কয়েক শ বন্যাকবলিত মানুষ আশ্রয় নিয়েছে।মিঠামইন উপজেলার চেয়ারম্যান কামরুল আহসান জানান, উপজেলা সদর রক্ষা বাঁধসহ বেশ কয়েকটি সড়ক এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিনই ভাঙনের কবলে পড়ছে নতুন নতুন এলাকা। সাইল্যা ঘাস, কচুরিপানা, বাঁশ, বেত, খড় ইত্যাদি দিয়ে প্রতিরক্ষা দেয়াল তৈরি করে হাওরবাসী তাদের ঘরবাড়ি রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, হাওরাঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখাতে সর্বস্তরের সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়কে যথাযথ নির্দেশনা দেওয়া আছে। বন্যা ও ভাঙনের তীব্রতা বাড়লে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।