কিশোরগঞ্জে বাণিজ্য মেলা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম আধুনিক স্টেডিয়ামে আয়োজিত বাণিজ্য মেলা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের বক্তব্য, চলতি এসএসসি ও আসন্ন এইচএসসি পরীক্ষার মধ্যে এ মেলা শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক প্রভাব ফেলবে। মেলা বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী এ মেলা আজ বুধবার বিকেলে উদ্বোধন করার কথা রয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে বাণিজ্য মেলা হলে পরীক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। এতে আরও বলা হয়, চৈত্র মাস—এ এলাকায় অভাবের মাস। এ সময় এলাকার লোকজন খাদ্যের অভাবসহ নানা সমস্যায় পড়ে। তা ছাড়া বোরো মৌসুমে সেচকাজের জন্য বিদ্যুত্ প্রয়োজন। তাই মেলায় আলোকসজ্জা করে কৃষকের ক্ষতি করা যুক্তিযুক্ত নয়।স্টেডিয়ামসংলগ্ন এলাকার বাসিন্দা আতাউর রহমান, হাবিবুর রহমান ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেক অভিভাবক বলেন, মেলা হলে এলাকার শত শত পরীক্ষার্থীর চরম অসুবিধা হবে। তা ছাড়া এ স্টেডিয়ামে বাণিজ্য মেলার নামে সার্কাস ও পুতুল নাচের ব্যবস্থা করলে জাতীয় নেতাকে অশ্রদ্ধা করার শামিল হবে। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ার কামাল বলেন, মেলার নামে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হোক, তা আমরা চাই না।জেলা প্রশাসক শাহ কামাল স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে বাণিজ্য মেলার সমন্বয়ক ও চেম্বার অব কমার্সের নির্বাহী কমিটির সদস্য শেখ ফরিদ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনুমতি নিয়ে মেলা করছি। এখন প্রশাসন বন্ধ করে দিলে আমাদের কী করার আছে।’