কিশোরগঞ্জে বাণিজ্য মেলায় আদালতের স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম আধুনিক স্টেডিয়ামে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য মেলা আদালতের নির্দেশে স্থগিত হয়ে গেছে। গতকাল বুধবার মাসব্যাপী এ মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল।‘কিশোরগঞ্জের সচেতন নাগরিক’দের পক্ষে জনৈক ইব্রাহিম খলিল বাদী হয়ে কিশোরগঞ্জ জ্যেষ্ঠ জজ (সদর) আদালতে মেলা বন্ধের আবেদন জানালে গতকাল বুধবার আদালত এ স্থগিতাদেশ দেন।সহকারী জজ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া শুনানি শেষে বিবাদীপক্ষ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ চেম্বার ও মেলা পরিচালনা কমিটিকে ‘কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ ও মেলার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। দুই দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়।বাদী তাঁর আরজিতে উল্লেখ করেন, চলতি এসএসসি ও আসন্ন এইচএসসি পরীক্ষার মধ্যে শিল্প ও বাণিজ্য মেলা হলে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। বাদীপক্ষের আইনজীবী খন্দকার ফরিদ আহমেদ জানান, আদালত বিষয়টি অনুধাবন করে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।