কিশোরগঞ্জে বার্ড ফ্লু প্রতিরোধে আট দফা সুপারিশ
কিশোরগঞ্জে বার্ড ফ্লু প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা জেলার কয়েক হাজার খামারে কর্মরত তিন লাখ শ্রমিককে বাঁচানোর আহ্বান জানিয়েছেন। তাঁরা পোলট্রি শিল্পকে বাঁচাতে আট দফা সুপারিশ করেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার এ মতবিনিময় সভা হয়।জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এস মো. নওশাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপ-সিভিল সার্জন মো. শহিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তুলসীরঞ্জন সাহা, পোলট্রি খামার রক্ষা পরিষদের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, ইতিমধ্যে বার্ড ফ্লুতে আক্রান্ত সারা জেলায় ২০ হাজার মুরগি নিধন করা হয়েছে। বর্তমানে এই রোগের প্রাদুর্ভাব রয়ে গেছে।খামারিরা জানান, কিশোরগঞ্জে আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের আওতাধীন প্রায় এক হাজার বেসরকারি খামারসহ সারা জেলায় কয়েক হাজার খামার রয়েছে। এসব খামার থেকে মুরগি ও ডিম উৎপাদনের মাধ্যমে সারা জেলায় তিন লাখ মানুষের কর্মসংস্থান করেছে। তাই এই শিল্প ধ্বংস হয়ে গেলে সবাইকে পথে বসতে হবে।মতবিনিময় সভায় রোগ প্রতিরোধে আট দফা সুপারিশ করা হয়। এসব সুপারিশ ও করণীয়র মধ্যে রয়েছে: হাঁস-মুরগির স্বাস্থ্যসম্মত পরিবেশে পালন করার ব্যবস্থা জোরদার করা, প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করা, মরা মুরগি যেখানে-সেখানে না ফেলে গর্ত করে মাটিচাপা দেওয়া, কোনো ধরনের দেশি ও অতিথি পাখি খামারের চারপাশে আসতে না দেওয়া, জীবন্ত মুরগির বাজার প্রতিদিন পরিষ্কার ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া, খামার ও লোকালয় থেকে শূকরের পাল তাড়ানোর ব্যবস্থা করা, মুরগির টিকাদান কর্মসূচি, বিশেষ করে রানীক্ষেত রোগের টিকা সঠিকভাবে দেওয়া, যেকোনো ধরনের পীড়ন থেকে মুরগিকে রক্ষা করা ইত্যাদি।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বক্তব্যে বলেন, এসব সুপারিশ বাস্তবায়নে তাঁর বিভাগের লোকজন আন্তরিক ভূমিকা রাখবে। এ ব্যাপারে কোনো অনিয়ম লক্ষ করা গেলে অমান্যকারী ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।