কিশোরগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বরাতিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন যাত্রী নিহত হন। আহত হয়েছেন সাতজন।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তিরা হলেন মিয়া হোসেন (৬০), স্বপন মিয়া (৪০) ও আহমদ আলী (৪০)। তাঁদের সবার বাড়ি পাকুন্দিয়ায়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ব্যক্তিদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানি বলেন, জলসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসটি পাকুন্দিয়া থেকে ঢাকা যাচ্ছিল। যাত্রীবাহী ইজিবাইকটি পাকুন্দিয়ার দিকে আসছিল। বরাতিয়া এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহত সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।