কিশোরগঞ্জে বাস ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস টার্মিনালে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে কিশোরগঞ্জে গতকাল রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও মোটরযান শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট আহ্বান করেছে।
এদিকে ধর্মঘটের কারণে জেলা শহরের গাইটাল ও বত্রিশ আন্তজেলা বাস টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনাসহ সব রুটের বাস চলাচল বন্ধ আছে।
সড়ক পরিবহন মালিক সমিতি ও মোটরযান শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা অভিযোগ করেন, গাইটাল এলাকার শফিকুল ইসলাম ওরফে মানিক দীর্ঘদিন ধরে বাস কাউন্টারে চাঁদাবাজি, টাকা ছিনতাই ও শ্রমিক মারধরসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ছাড়া তাঁর মালিকানাধীন বাস অবৈধভাবে চালানোর সুযোগ দেওয়ার জন্য মালিক ও শ্রমিকনেতাদের চাপ দিয়ে আসছিলেন তিনি। এর জের ধরে শফিকুল গত শনিবার গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয় তালাবদ্ধ করে দেন। আর মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
ঘটনার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দের সভাপতিত্বে শনিবার রাতে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। তাতে সড়ক পরিবহন মালিক সমিতি ও মোটরযান শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ঘোষণা দেয়।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে বলেন, ‘আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে শফিকুলকে গ্রেপ্তার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’
শফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।