কিশোরগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সদর উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রলীগের কর্মীরা। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে কটূক্তি করার প্রতিবাদে মিছিল ও সমাবেশ শেষে এ হামলার ঘটনা ঘটে। দলীয় ও অন্যান্য সূত্রে জানা যায়, সম্প্রতি জিয়াউর রহমানের মরদেহ ও বেগম খালেদা জিয়াকে নিয়ে সৈয়দ আশরাফুল ইসলামসহ সরকারদলীয় অন্যান্য নেতার বক্তব্যের প্রতিবাদে সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলে সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়া হয়। এর প্রতিবাদে সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে শহরে তাত্ক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরাও যোগদান করেন। মিছিলে তাঁরাও পাল্টা স্লোগান দেন। পরে মিছিলকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে রাত নয়টার দিকে একপর্যায়ে ছাত্রলীগের বিক্ষুব্ধ একটি অংশ স্টেশন সড়কে অবস্থিত সদর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা ভেতরে থাকা চেয়ার-টেবিল ও দরজা-জানালা ব্যাপক ভাঙচুর করে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।