কিশোরগঞ্জে বিএনপি-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশের হস্তক্ষেপের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুকের গাড়ি ভাঙচুরের মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে তাঁর কর্মী-সমর্থকেরা গতকাল দুপুর ১২টায় শহরের কালীবাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু পুলিশের বাধায় এ সমাবেশ হতে পারেনি। পরে তাঁরা কাচারীবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার প্রমুখ।এদিকে জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানীসহ তাঁদের অনুসারীদের নামে গাড়ি ভাঙচুরের এ মামলা প্রত্যাহারের দাবিতে জেলা যুবদলের একাংশ বেলা ১১টায় আখড়াবাজার মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে যোগ দিতে শহরের আখড়াবাজার মোড় থেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান শরীফ ও মোস্তফা ফারুক নাদিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালীবাড়ি মোড়ে এলে পুলিশ তাতে বাধা দেয়। পরে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে জেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাকের নেতৃত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ শেষে ওসমান ফারুকের কুশপুত্তলিকা দাহ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।জানতে চাইলে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিএনপির দুটি পক্ষ পরস্পরবিরোধী অবস্থান নেওয়ায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।কিশোরগঞ্জ শহরের পুরোনো থানা এলাকায় গত ২৬ অক্টোবর ওসমান ফারুকের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানীসহ ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়।