কিশোরগঞ্জে জেলা বিএনপিতে বিরোধ এখন তুঙ্গে। গত ১২ বছরে কয়েকবার কেন্দ্র থেকে কয়েকজনকে জেলা বিএনপির নেতৃত্ব দেওয়া হলেও তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। বর্তমানে পাল্টাপাল্টি দুই কমিটির নেতৃত্বে নেতা-কর্মীরা বিভক্ত। তাঁরা দলীয় কর্মসূচি পালন করছেন আলাদাভাবে।দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে তৎকালীন সাংসদ মুজিবুর রহমানকে জেলা বিএনপির আহ্বায়ক করা হলে দলের অধিকাংশ নেতা-কর্মীর তীব্র বিরোধিতার কারণে তিনি জেলা শহরে জেলা বিএনপির কোনো সভা করতে পারেননি। ২০০৪ সালে কেন্দ্রীয় কমিটি আবারও মুজিবুর রহমানকে আহ্বায়ক করলে একই অবস্থার সৃষ্টি হয়। এ অবস্থায় গত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার কিছু দিন আগে কেন্দ্রীয় কমিটি এম ওসমান ফারুককে জেলা বিএনপির সভাপতি এবং আ ঈ ম ওয়ালী উল্লাহ রাব্বানীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়। কিন্তু শুরু থেকেই সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষও হয়। ফলে ওই দুজন পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি।গত বছরের জুলাই মাসে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ফজলুর রহমানকে আহ্বায়ক ও ওয়ালি উল্লাহ রাব্বানীকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে ৬৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর ফজলুর রহমানকে আহ্বায়কের পদ থেকে বাদ দেওয়ার জন্য তাঁর বিরোধীরা অসংখ্যবার মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরবর্তী সময়ে গত ৩০ নভেম্বর ফজলুর রহমানের পক্ষ গাইটাল বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় সম্মেলন করেন। সম্মেলনে ফজলুর রহমানকে সভাপতি ও মাসুদ হিলালীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। একই দিন ফজলুরের বিরোধী নেতা-কর্মীরা ওয়ালী উল্লাহ রাব্বানীর নেতৃত্বে স্থানীয় ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে পাল্টা সম্মেলন করেন। এতে হাবিবুর রহমান ভূঁইয়াকে সভাপতি ও মাসুদ ইকবালকে সাধারণ সম্পাদক করে ৬২ সদস্যের পাল্টা কমিটি গঠন করা হয়। পাল্টাপাল্টি কমিটি গঠনের পর থেকেই জেলা বিএনপিতে বিরোধ তুঙ্গে ওঠে। আর সাধারণ নেতা-কর্মীরা পড়েছেন বিভ্রান্তিতে। কমিটি গঠনের পর থেকে গত সাড়ে পাঁচ মাসে ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবিতে অর্ধশতাধিক মিছিল ও সমাবেশ হয়েছে। সর্বশেষ ১৬ মার্চ ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবিতে হাবিবুর রহমানের নেতৃত্বে মিছিল ও সমাবেশ শেষে স্থানীয় গৌরাঙ্গবাজারে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।গত ৯ মে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচিও বিবদমান দুই পক্ষ পৃথকভাবে পালন করেছে। হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘ফজলুর রহমান বহুবার দল বদল করেছেন। দলের একজন সচেতন কর্মী হিসেবে তাঁর নেতৃত্ব আমিসহ দলের সিংহভাগ নেতা-কর্মী মেনে নেবে না।’ এ ব্যাপারে ফজলুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরের কথা সাংবাদিকদের বলতে চাই না। তাছাড়া, কিশোরগঞ্জের সাংবাদিকদের প্রতি নেতিবাচক ধারণা রয়েছে।’